আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট ও মৌলভীবাজার অঞ্চলে নাশকতা রোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ৫২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বিয়ানীবাজার ব্যাটালিয়ন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বিজিবি পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে কাজ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার বিকেলে মৌলভীবাজারের জুড়ি সরকারি কলেজে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান এসব তথ্য জানান।
তিনি বলেন, সিলেট ও মৌলভীবাজার জেলার চারটি উপজেলায় মোট ৩০৫টি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে সাড়ে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচনী নিরাপত্তা জোরদার করতে চারটি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
লে. কর্নেল আতাউর রহমান আরও জানান, সীমান্তবর্তী এলাকায় বিজিবি এককভাবে এবং অভ্যন্তরীণ এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে। যে কোনো ধরনের নাশকতা, সহিংসতা কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি বলেন, চলমান অভিযানের অংশ হিসেবে ইতোমধ্যে মৌলভীবাজারের বড়লেখা এলাকা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক, অস্ত্র ও নাশকতার কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে, যা নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করেছে।
বিজিবি অধিনায়ক আশাবাদ ব্যক্ত করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় সিলেট ও মৌলভীবাজার অঞ্চলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

মৌলভীবাজার প্রতিনিধি 


















