সিলেটের জৈন্তাপুর উপজেলায় পরিবেশ বিধ্বংসী বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দ করা বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, রবিবার (১ ফেব্রুয়ারি) ও শনিবার (৩১ জানুয়ারি) জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি পলি রানী দেব উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের ডুলটিরপাড়, বাওনহাওর, চাতলারপাড় ও শেওলারটুক এলাকায় অভিযান পরিচালনা করেন। সংবাদের ভিত্তিতে জানা যায়, বোমা মেশিন ব্যবহার করে অবৈধভাবে সবুড়ী নদী থেকে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে মজুত করা হচ্ছিল।
সরেজমিনে অভিযান চালিয়ে প্রায় ২০টি স্থান থেকে আনুমানিক ২ লাখ ঘনফুট বালু জব্দ করা হয় বলে প্রশাসন জানিয়েছে। অভিযানের খবর টের পেয়ে সংশ্লিষ্টরা বালু উত্তোলনে ব্যবহৃত বোমা মেশিন সরিয়ে ফেলেছে বলে জানানো হয়।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব বলেন, পরিবেশ আইনে অভিযান পরিচালনা করে এসব বালু জব্দ করা হয়েছে।
২ ফেব্রুয়ারি বিকাল ৫টায় উন্মুক্ত নিলামের মাধ্যমে জব্দ বালু বিক্রি করা হবে। ওই এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাপুর প্রতিনিধি 

















