সিলেটের ওসমানীনগরে মহিষ বহনকারী একটি পিকআপ ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় জনতার হাতে আটক হওয়া সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক টিটন মল্লিককে দল থেকে বহিস্কার করা হয়েছে।
সোমবার স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এ সিদ্ধান্তের অনুমোদন দেন। বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির সহ-দপ্তর সম্পাদক ওসমান গনি।
তিনি জানান, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে টিটন মল্লিককে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে রোববার দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের তেরমাইল এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে মহিষ বোঝাই একটি পিকআপ ছিনতাইয়ের চেষ্টা করা হয়। এ সময় স্থানীয় জনতার সন্দেহ হলে তারা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের ঘেরাও করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা মহিষ বোঝাই পিকআপটিকে একটি মাইক্রোবাসে করে অনুসরণ করা হয়। তেরমাইল এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি পিকআপের গতিরোধ করে। পরে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে পিকআপ চালককে মারধর করে গাড়িটি ছিনতাইয়ের চেষ্টা চালানো হয়।
জনতার উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারী চক্রের কয়েকজন পালিয়ে গেলেও টিটন মল্লিক ও আব্দুর রশিদ নামে আরেকজনকে আটক করে স্থানীয়রা। উত্তেজিত জনতার গণপিটুনিতে আহত হওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেপ্তার করে।
পরে পুলিশ অভিযানে ব্যবহৃত মাইক্রোবাস ও পিকআপটি জব্দ করে। আটককৃতদের দেওয়া তথ্যে অভিযান চালিয়ে ছিনতাই চক্রের আরও চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে আহত দুইজন পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক 

















