দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে খালেদ আহমদ নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত খালেদ আহমদ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকার টেংরা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করে তার মামার প্রোপার্টি ব্যবসা দেখাশোনা করতেন।
স্থানীয় সূত্র জানায়, সকালে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবস্থানকালে হঠাৎ অজ্ঞাত বন্দুকধারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হামলার কারণ ও জড়িতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক 

















