বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে হবিগঞ্জের মাধবপুর উপজেলার এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার হওয়া যুবকের নাম উত্তম গোয়ালা (৩০)। তিনি মাধবপুর থানাধীন জগদীপুর গ্রামের অনিল গোয়ালার ছেলে।
র্যাব জানায়, ভিকটিম হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন জগদীশপুর গ্রামের বাসিন্দা। অভিযুক্ত উত্তম গোয়ালা ভিকটিমের প্রতিবেশী হওয়ায় তার বাড়িতে যাতায়াতের সুযোগ ছিল। এ সুযোগ কাজে লাগিয়ে তিনি দীর্ঘদিন ধরে ভিকটিমকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন।
গত বছরের ৩ ডিসেম্বর সন্ধ্যায় ভিকটিমের পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে উত্তম গোয়ালা তার ঘরে প্রবেশ করে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। একই বছরের ১৪ ডিসেম্বর রাতে পুনরায় পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে ভিকটিমের শয়নকক্ষে প্রবেশ করে বিয়ের আশ্বাস দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করা হয়।
পরবর্তীতে ভিকটিম বিবাহের জন্য চাপ দিলে অভিযুক্ত ব্যক্তি তা প্রত্যাখ্যান করে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে তাকে তাড়িয়ে দেয়। ঘটনার কোনো সুরাহা না হওয়ায় ভুক্তভোগী তরুণী থানায় মামলা দায়ের করেন।
মামলার পরিপ্রেক্ষিতে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে র্যাবের একটি দল মাধবপুর থানাধীন জগদীশপুর এলাকায় অভিযান চালিয়ে উত্তম গোয়ালাকে গ্রেফতার করে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মাধবপুর থানা পুলিশ তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নিজস্ব প্রতিবেদক 


















