সিলেটের কানাইঘাট উপজেলায় পারিবারিক জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ইসমাইল হোসেন নাবিল (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড়চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নাবিল কানাইঘাট সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি স্থানীয় ছাত্রদলের একজন কর্মী বলেও জানা গেছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, নিহত নাবিল ও অভিযুক্ত ইসলাম উদ্দিন একই বাড়ির বাসিন্দা এবং তারা চাচাতো ভাই। সকালে বাড়ির বাথরুমে মাটি ফেলা নিয়ে দুজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনা বাড়লে ইসলাম উদ্দিন ছুরি দিয়ে নাবিলকে আঘাত করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী জানান, গুরুতর আহত অবস্থায় নাবিলকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

কানাইঘাট প্রতিনিধি 















