দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে সুনামগঞ্জে বিএনপির বিভিন্ন ইউনিটের ১৪ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ ও সদস্যসচিব আবদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়া এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর বিপক্ষে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় তাঁদের বহিষ্কার করা হয়েছে। দলীয় প্রার্থীর সুনির্দিষ্ট আবেদনের প্রেক্ষিতে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বহিষ্কৃত নেতারা হলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আ স ম খালিদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আইনজীবী আমিরুল হক, সদর উপজেলার গৌরারং ইউনিয়নের সাবেক সভাপতি মইনুল হক, সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য ইছাক আলী, পৌর বিএনপির সাবেক সদস্য আবদুল মজিদ, বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বকুল মিয়া, একই ইউনিটের সাবেক সদস্য ফরিদ উদ্দিন, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রমজান আলী, সদস্য উছমান গণি, সুকেশ দেবনাথ ও বুরহান উদ্দিন, একই উপজেলার ধনপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, ফতেপুর ইউনিয়ন বিএনপির সদস্য মোজাম্মেল হক এবং উপজেলা জাতীয়তাবাদী সৈনিক দলের সাবেক সদস্যসচিব জিল্লুর রহমান তালুকদার।
এর আগে একই অভিযোগে বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমেদকেও দল থেকে বহিষ্কার করা হয়েছিল।
উল্লেখ্য, এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হলেন জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম। অন্যদিকে, মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন। বিদ্রোহী প্রার্থী হওয়ায় দেওয়ান জয়নুল জাকেরীনকেও ইতিমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সুনামগঞ্জ প্রতিনিধি 















