ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সিলেট-৪ আসনের প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, পরিবেশ রক্ষা করে কেবল সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারি খুলে দেওয়া হবে। আধুনিক বা যান্ত্রিক পদ্ধতিতে (বোমা মেশিন) পাথর উত্তোলন পরিবেশের মারাত্মক ক্ষতি করে। তাই পরিবেশের দোহাই দিয়ে দীর্ঘদিন বন্ধ থাকা কোয়ারিগুলো সনাতন পদ্ধতিতে চালু করাই হবে বিএনপির লক্ষ্য।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কোম্পানীগঞ্জ উপজেলার ৫ নম্বর উত্তর রনিখাই, ৬ নম্বর দক্ষিণ রনিখাই, ২ নম্বর পূর্ব ইসলামপুর ও ১ নম্বর পশ্চিম ইসলামপুর ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, ভোলাগঞ্জ, জাফলং ও বিছনাকান্দি সংলগ্ন পাথর কোয়ারিগুলো দীর্ঘদিন বন্ধ থাকায় ওই অঞ্চলের বিশাল শ্রমজীবী জনগোষ্ঠী কর্মহীন হয়ে পড়েছে। কোয়ারি চালু হলে কয়েক লাখ মানুষের জীবিকা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে বিদেশ থেকে পাথর আমদানির নামে যে বিপুল অর্থ দেশের বাইরে চলে যাচ্ছে, তা বন্ধ হবে।
তিনি আরও বলেন, কোয়ারি বন্ধ থাকার কারণে একদিকে যেমন মানুষের বেকারত্ব বাড়ছে, অন্যদিকে জাতীয় অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিএনপি ক্ষমতায় এলে পরিবেশ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের ব্যবস্থা করা হবে।
নিজের রাজনৈতিক অঙ্গীকারের কথা তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, আপসহীন নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া আমাকে সিলেট-৪ আসনের মানুষের সেবা করার জন্য পাঠিয়েছেন। নির্বাচনের আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি এই আসনের সার্বিক উন্নয়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
তিনি বলেন, দীর্ঘদিন পর মানুষ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। সিলেট-৪ আসনে এমন একটি অবাধ ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ সৃষ্টি করতে হবে, যা সারা বাংলাদেশের জন্য দৃষ্টান্ত হবে। এজন্য আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে সংসদে পাঠানোর আহ্বান জানাই।
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, জেলা বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলত, জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মনাফ, সাধারণ সম্পাদক আলী আকবরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কোম্পানীগঞ্জ প্রতিনিধি 

















