নির্বাচনী সফরের অংশ হিসেবে আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) পুণ্যভূমি সিলেটে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চোখে পড়ছে ব্যতিক্রমধর্মী ও ইংরেজি স্লোগানসমৃদ্ধ ব্যানার-ফেস্টুন, যা ইতোমধ্যে সাধারণ মানুষের কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।
ব্যানারগুলোতে লেখা রয়েছে—‘ওয়েলকাম, আওয়ার দাদু ইজ দ্য নেক্সট পিএম’, ‘আওয়ার দাদু ইজ কামিং’, ‘উইনটার ইজ কামিং’সহ নানা স্লোগান। হলিউডের জনপ্রিয় ওয়েব সিরিজ গেম অব থ্রোনস-এর আদলে তৈরি এসব ব্যানারে তলোয়ার হাতে জামায়াত আমীরের ছবি ব্যবহার করা হয়েছে। তলোয়ারে যুক্ত করা হয়েছে দাঁড়িপাল্লা প্রতীক এবং পটভূমিতে নেকড়ের ছবি, যা প্রচলিত রাজনৈতিক প্রচারণার বাইরে গিয়ে ভিন্ন মাত্রা যোগ করেছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে চৌহাট্টা, আলিয়া মাদরাসা মাঠ, জিন্দাবাজারসহ নগরীর বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি ও গাছের ডালে এসব ব্যানার টানানো অবস্থায় দেখা যায়।
এ বিষয়ে সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম জানান, ব্যানার-ফেস্টুনের বিষয়টি তাদের নজরে এসেছে। তিনি বলেন, “প্রাথমিকভাবে জেনেছি, এগুলো তরুণ—বিশেষ করে জেন-জি প্রজন্মের কিছু যুবক নিজের উদ্যোগে লাগিয়েছে।”
উল্লেখ্য, জামায়াত আমীর ডা. শফিকুর রহমান শনিবার সিলেটে এসে ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। ওই জনসভায় সিলেট বিভাগের জামায়াত ও ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক 

















