সিলেটের কোম্পানীগঞ্জে নিখোঁজের দুই দিন পর সীমান্ত এলাকার একটি ঝোপ থেকে এক প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে কোম্পানীগঞ্জের কামলাঘাট সীমান্ত এলাকায় ঝোপের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত প্রবাসীর নাম ইমরান আহমদ (২৪)। তিনি উপজেলার লামনীগাঁও গ্রামের নজরুল ইসলামের ছেলে। এর আগে রবিবার সকালে বাড়ি থেকে সিলেট শহরে যাওয়ার উদ্দেশে বের হয়ে নিখোঁজ হন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইমরান আহমদ কিরগিজস্তানপ্রবাসী ছিলেন। তিনি গত ডিসেম্বর দেশে ফেরেন। জানুয়ারিতে পারিবারিকভাবে তার বিয়ে হয়। নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি চলছিল। মঙ্গলবার বিকালে স্থানীয় লোকজন সীমান্ত এলাকার ঝোপে একটি ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
পরিবারের অভিযোগ, ইমরানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার বাবা নজরুল ইসলাম আট জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, ‘প্রাথমিক তদন্তে পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ওই মামলায় তিন জনকে গ্রেফতার দেখানো হয়েছে, অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।’
এর আগে মঙ্গলবার দুপুরে জকিগঞ্জ উপজেলার একটি হাওর থেকে আগুনে পোড়া অবস্থায় এক যুক্তরাজ্যপ্রবাসীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত বুরহান উদ্দিন (৫৯) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাসিন্দা। তিনি সিলেট নগরের আম্বরখানা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গত ২৯ জানুয়ারি দেশে ফেরার পর ৩০ জানুয়ারি কুলাউড়ার পথে নিখোঁজ হন।

কোম্পানীগঞ্জ প্রতিনিধি 

















