সারাদেশে সাধারণ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ও ভূমিধস বিজয় অর্জন করায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে সিলেটে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা নগরীর মুন্সিপাড়া জামে মসজিদে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আয়োজিত এই দোয়া মাহফিলে মুন্সিপাড়া এলাকার সর্বস্তরের মুসল্লি ও দলীয় নেতাকর্মীরা অংশ নেন। শহীদদের আত্মার মাগফেরাত কামনা মোনাজাতে স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকো-সহ গত জুলাই বিপ্লবে শহীদ হওয়া ছাত্র-জনতার আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়া বিগত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন, সেইসব নেতাকর্মীদের রূহের মাগফেরাত চেয়ে বিশেষ প্রার্থনা করা হয়।
দোয়া মাহফিলে আরও প্রার্থনা করা হয়: বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায়। সিলেট-০১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের কল্যাণ ও দীর্ঘায়ু কামনায়। বিজয় পরবর্তী সময়ে বিএনপি যেন সুন্দর, সুষ্ঠু ও ইনসাফভিত্তিক উপায়ে রাষ্ট্র পরিচালনা করতে পারে, সে লক্ষ্যে আল্লাহর বিশেষ রহমত ও সাহায্য প্রার্থনা করেন উপস্থিত মুসল্লিগণ।
মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে এই বিজয় যেন সাধারণ মানুষের মুখে হাসি ফোটায়, সেই লক্ষ্যেই তারা এই আধ্যাত্মিক আয়োজনের উদ্যোগ নিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তি 


















