সিলেটের রাজনীতির দীর্ঘদিনের পরিচিত মুখ আরিফুল হক চৌধুরী এবার জাতীয় রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করেছেন। ওয়ার্ড কমিশনার হিসেবে তাঁর রাজনৈতিক যাত্রা শুরু। স্থানীয় প্রশাসনের দায়িত্ব গ্রহণ করে ধীরে ধীরে নগর রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেন। নগর উন্নয়ন ও পরিকল্পনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন এবং নাগরিক সেবা তদারকিতে তিনি নিজের দক্ষতা প্রমাণ করেন।
২০১৩ সালে সিলেট সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন এবং দায়িত্বকাল জুড়ে উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ ও নাগরিক সেবায় সক্রিয় ভূমিকা পালন করেন। ২০১৮ সালে পুনর্নির্বাচিত হয়ে টানা দুই মেয়াদে মেয়রের দায়িত্ব পালন করেন। দলমত নির্বিশেষে নগর রাজনীতিতে তাঁর গ্রহণযোগ্যতা ক্রমশ বৃদ্ধি পায়।
সেই অভিজ্ঞতা ও জনআস্থার ভিত্তিতে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর মনোনয়নে সিলেট-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটে বিপুল ব্যবধানে জয়ী হয়ে ১ লাখ ৮৬ হাজার ৮৪৬ ভোট অর্জন করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী–সমর্থিত প্রার্থী জয়নাল আবেদীন পান ৭১ হাজার ৩৯১ ভোট।
জয়ের পর তিনি বলেন, মানুষ যে বিপুল সমর্থন দিয়েছেন, তা আমার জন্য বড় দায়িত্ব। সিলেট-৪ আসনের মানুষের পাশে সুখে-দুঃখে থাকতে থাকব এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করাই হবে আমার একমাত্র লক্ষ্য।
ওয়ার্ড কমিশনার হিসেবে রাজনৈতিক যাত্রা শুরু, দুই মেয়াদ মেয়রের দায়িত্বে সাফল্য, এবং সর্বশেষ জাতীয় সংসদে জয়—ধাপে ধাপে এগিয়ে আসা এই পথচলা এক রাজনীতির পূর্ণতা প্রতিফলিত করছে।

নিজস্ব প্রতিবেদক 


















