হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও ব্যালট পেপার ছিঁড়ে ফেলার অভিযোগে গোলাম রসুল নামে এক ইংল্যান্ড প্রবাসীর পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেই এই ঘটনা ঘটে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহুল আমীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গোলাম রসুল ভোটকেন্দ্রে প্রবেশ করে ভেতরের পরিবেশ নিয়ে আপত্তি তোলেন। একপর্যায়ে তিনি ভোট দিতে অস্বীকার করে একটি ব্যালট পেপার ছিঁড়ে ফেলেন। খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত সেনাসদস্যরা তাকে শান্ত করতে গেলে তাদের সঙ্গেও ধস্তাধস্তি করেন তিনি।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও ব্যালট পেপার নষ্ট করার দায়ে তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়। রায় কার্যকর করতে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গোলাম রসুল স্থানীয় ইনাতগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ইংল্যান্ড প্রবাসী। তিনি আহাদুর রহমানের ছেলে।

নবীগঞ্জ প্রতিনিধি 


















