দশ দিনের মাথায় সিলেটে আবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে; রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক শূন্য। আর উৎপত্তিস্থল জেলার গোয়াইনঘাট উপজেলা।
মঙ্গলবার বিকাল ৫টা ৩২ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন।
তিনি সাংবাদিকদের বলেন, সিলেট ও আশপাশের এলাকায় রিখটার স্কেলে ৪ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল গোয়াইনঘাট উপজেলায়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় ২১৪ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।
চলতি মাসের ১ ফেব্রুয়ারি ভোরে সিলেটসহ আশপাশের কয়েকটি এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়, রিখটার স্কেলে যার মাত্রা ছিল প্রায় ৩।

নিজস্ব প্রতিবেদক 


















