ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সিলেটে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করলেও ভোটকেন্দ্রে যাওয়ার সুযোগ পাচ্ছেন না জেলার অসংখ্য গণমাধ্যমকর্মী। কর্মস্থলের বাধ্যবাধকতায় নিজ এলাকায় যেতে না পারায় এবারও ভোটাধিকার প্রয়োগের বাইরে রয়ে গেছেন তারা।
সিলেট নগরী ও জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত স্থানীয় ও জাতীয় দৈনিক, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের বহু সাংবাদিক অন্য জেলা ও বিভাগের ভোটার। নির্বাচন উপলক্ষে অফিস খোলা রাখা, কেন্দ্রভিত্তিক রিপোর্টিং, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও ফলাফল সংগ্রহের দায়িত্বে থাকায় ভোটের আগের দিন কিংবা ভোটের দিন এলাকায় গিয়ে ভোট দেওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।
নির্বাচন কমিশনের ঘোষিত বিশেষ ব্যবস্থায় সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোটের সুযোগ থাকলেও পেশাগত দায়িত্বে নিয়োজিত সাংবাদিকদের সে তালিকায় রাখা হয়নি। ফলে নির্বাচন বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখলেও ভোটাধিকার নিশ্চিত হয়নি সিলেটের গণমাধ্যমকর্মীদের।
সংশ্লিষ্ট সাংবাদিকরা বলছেন, সিলেটে প্রতিটি নির্বাচনে তারা ভোটকেন্দ্রের বাইরে থেকে গণতন্ত্র পর্যবেক্ষণ করেন, অথচ নিজের ভোট দেওয়ার সুযোগ পান না। এতে নাগরিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার অনুভূতি তৈরি হচ্ছে।
সিলেটের গণমাধ্যমকর্মীদের মতে, গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে দায়িত্ব পালন করা সাংবাদিকদের ভোটাধিকার উপেক্ষা করা হলে তা রাষ্ট্রের জন্যও প্রশ্নবিদ্ধ। ভবিষ্যৎ নির্বাচনে সাংবাদিকদের জন্য পোস্টাল ভোট বা বিকল্প ভোটিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন তারা।

নিজস্ব প্রতিবেদক 


















