পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মহানগরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৮ দফা নির্দেশনা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) জারি করা গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা মেনে চলতে নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশ অধ্যাদেশ-২০০৯–এর সংশ্লিষ্ট ধারায় প্রদত্ত ক্ষমতাবলে পুলিশ কমিশনার এ আদেশ জারি করেন। রমজান উপলক্ষে ব্যবসায়ী ও ক্রেতাদের সুবিধার্থে ২১ ফেব্রুয়ারি থেকে ঈদুল ফিতর পর্যন্ত তৈরি পোশাক ও বিপণিবিতানের দোকান বন্ধের পূর্বনির্ধারিত সময়সূচি প্রত্যাহার করা হয়েছে।
নগরীর প্রধান সড়ক ও মার্কেটসংলগ্ন ফুটপাত ফকারমুক্ত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো মার্কেট বা দোকানের সামনে ফকারদের অবস্থান লক্ষ্য করা গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধে এসএমপির কল সেন্টার (০১৩২০৯৯১১৯৪২) নম্বরে অভিযোগ জানানোর অনুরোধ জানানো হয়েছে। নগদ অর্থ বহনের ক্ষেত্রে নিরাপত্তা সহায়তা পেতে জিডি অ্যাপ ব্যবহার কিংবা কল সেন্টারে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
ইফতারের পর থেকে তারাবির সময় পর্যন্ত উচ্ছৃঙ্খল গান-বাজনা নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি মসজিদের মাইকে অতিরিক্ত শব্দ সৃষ্টি করে জনদুর্ভোগ না বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া দলবদ্ধ চলাফেরা ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এড়াতে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের সন্ধ্যার পর অপ্রয়োজনে বাইরে না থাকার বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার কথা বলা হয়েছে।
গণস্বার্থে জারি করা এ নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে স্বাক্ষর করেন এসএমপির পুলিশ কমিশনার (বিপিএম) আব্দুল কুদ্দুস চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক 


















