সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলি চালানোর নির্দেশ কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়েছিলে সে তথ্য তদন্ত কর্মকর্তাকে সরবরাহ না করায় জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত।
সিলেটের আমলি আদালত নম্বর-২-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত তালুকদার গত ৮ ফেব্রুয়ারি এ আদেশ দেন। আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে চাওয়া তথ্য সরবরাহ না করায় তদন্তকাজ বিলম্বিত হচ্ছে, যা আদালত অবমাননার শামিল হতে পারে।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট গোলাপগঞ্জ উপজেলার ধারাবহর এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তাজ উদ্দিন নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নিহতের স্ত্রী রুলী বেগম গোলাপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে তাঁর স্বামীর মৃত্যু হয়েছে।
পরে মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই। তদন্তকারী কর্মকর্তা জেলা প্রশাসনের কাছে জানতে চান, সেদিন কে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে বিজিবির কাছেও ঘটনাস্থলে উপস্থিত সদস্যদের তথ্য চাওয়া হয়। আদালতের নির্দেশের পর বিজিবি তথ্য দিলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে চাহিত তথ্য সরবরাহ করা হয়নি বলে আদালতকে অবহিত করা হয়।
এর পরিপ্রেক্ষিতে আদালত ডিসিকে ১৫ দিনের মধ্যে লিখিতভাবে কারণ দর্শাতে নির্দেশ দেন। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলে নোটিশে উল্লেখ রয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, তিনি এখনো নোটিশ পাননি; বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।

নিজস্ব প্রতিবেদক 

















