রমজানের প্রথম দিনই নেমে এলো শোকের ছায়া। বোনের বাড়িতে ইফতারি পৌঁছে দিয়ে ফেরার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ হারালেন ভাই বাদল মিয়া।
নিহত বাদল মিয়া (৩৫) মৌলভীবাজারের জুড়ী উপজেলার বাছিরপুর এলাকার বাসিন্দা। তিনি মৃত মঙ্গল মিয়ার ছেলে এবং প্যাকেটজাত বিভিন্ন খাদ্যসামগ্রীর স্থানীয় ডিলার ছিলেন। প্রায় দুই মাস আগে, গত বছরের ডিসেম্বরের শেষ দিকে তিনি বিয়ে করেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রমজানের প্রথম দিনে শ্বশুরবাড়ি থেকে তাঁদের পরিবারের জন্য ইফতারসামগ্রী পাঠানো হয়। সেখান থেকে কিছু অংশ নিয়ে মোটরসাইকেলে করে পাশের খালেরমুখ বাজার এলাকায় বড় বোনের বাড়িতে দিতে যান বাদল। ইফতারি পৌঁছে দিয়ে বাড়ি ফেরার সময় দুর্ঘটনার শিকার হন তিনি।
বৃহস্পতিবার বিকেল পৌনে ছয়টার দিকে বাছিরপুর এলাকার হেলাল উদ্দিনের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। নবদম্পতির সংসার শুরু হওয়ার আগেই এভাবে ঝরে গেল একটি তরতাজা প্রাণ।

মৌলভীবাজার প্রতিনিধি 


















