সিলেট সিটি করপোরেশনের নতুন প্ৰশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল কাইয়ুম চৌধুরী। এসময় তিনি বলেন, অগ্রাধিকার ভিত্তিতে মশামুক্ত, পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী গড়তে চাই।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় নগর ভবনে আনুষ্ঠানিকভাবে প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন তিনি।
নবনিযুক্ত প্রশাসকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী।
দায়িত্ব নেওয়ার পর প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘সবাইকে নিয়ে একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগরী গড়তে চাই। নগরবাসীর সেবা নিশ্চিত করাই হবে মূল লক্ষ্য। অগ্রাধিকার ভিত্তিতে মশামুক্ত, পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী গড়তে চাই।’
তিনি বলেন, ‘নতুন মন্ত্রিসভায় সিলেটের দুজন মন্ত্রী রয়েছেন। শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম ও জনশক্তি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সহযোগিতা নিয়ে নগরবাসীর সর্বোচ্চ সেবা ও উন্নয়ন নিশ্চিত করবো।’
এর আগে বেলা সাড়ে ১১টায় ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আব্দুল কাইয়ুম চৌধুরী। এরপর তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণের (রহ.) মাজার জিয়ারত করেন।
দুপুরে নগরভবনে পৌঁছালে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার এবং সচিব বিশ্বজিত দেব ফুল দিয়ে নবনিযুক্ত প্রশাসককে স্বাগত জানান।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার এবং সচিব বিশ্বজিত দেবসহ করপোরেশনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক 


















