ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ-এর চেয়ারম্যান (এইচএমসি) মাওলানা হাবিবুর রহমান বলেছেন, দুনিয়ায় প্রকৃত শান্তি অর্জন করতে হলে কোরআনের শিক্ষা ও মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করা ছাড়া বিকল্প নেই। তিনি বলেন, যারা সত্যিকার ঈমান নিয়ে কোরআনের পথে চলবে এবং সৎ ও যোগ্য মানুষ হিসেবে সমাজে দায়িত্ব পালন করবে, আল্লাহ তাদের জন্য পবিত্র ও সম্মানিত জীবন দান করবেন। তিনি আরও বলেন, মানুষের জীবন ক্ষণস্থায়ী। আজ আমরা পৃথিবীতে আছি, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের কর্মই স্মরণীয় হয়ে থাকবে। তাই দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তি লাভের জন্য সর্বদা আল্লাহর নির্দেশ মেনে চলার আহ্বান জানান তিনি। তিনি বলেন, চিকিৎসা পেশা শুধু একটি পেশা নয়, এটি মানবতার সেবার অন্যতম মহান ক্ষেত্র। তিনি চিকিৎসকদের রমজানের শিক্ষা ধারণ করে মানবিকতা, সততা ও দায়িত্ববোধের সাথে রোগীদের সেবা করার আহ্বান জানান।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নগরীর আমান উল্লাহ কনভেনশন সেন্টারে সিলেটের অন্যতম শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের উদ্যোগে চিকিৎসকদের নিয়ে ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ-এর এজিএম এন্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ ওবায়দুল হকের পরিচালনায় উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল ইউনির্ভাসিটির ভিসি প্রফেসর ডাঃইসমাইল পাটওয়ারী, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ডাইরেক্টর মেজর জেনারেল (অব.) ইফতেখার উদ্দিন, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ-এর পরিচালক আব্দুল কাদির খান, পরিচালক ডা. মুদাব্বির হোসেন, ডিএমএস কর্নেল (অবঃ) ডাঃ রুকনুল ইসলাম চৌধুরী এডিএম এস মেজর (অব:) আ:সালাম চৌঃ ম্যানেজার এডমিন এন্ড ইনচার্জ মোঃ বেলাল হোসাইন এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডাঃসালেহ আহমদ শাহীন, রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডাঃএ কে এম দাউদ। এছাড়াও সিলেটের সকল মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক, বিভাগীয় প্রধান, সিনিয়র ও জুনিয়র কনসালটেন্টবৃন্দ এবং ইবনে সিনা হাসপাতালের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও মোনাজাত করেন কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ডা. মিসবাহ উদ্দিন।

নিজস্ব প্রতিবেদক 

















