হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের মাহতাবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার মাহতাবপুর গ্রামের মৃত আলী হায়দারের ছেলে দুলাল মিয়ার একটি গরু একই গ্রামের মৃত নজরুল মিয়ার ছেলে লিটন মিয়ার জমিতে প্রবেশ করে ঘাস খায়। এ ঘটনায় গরুটি খুঁটিতে বেঁধে রাখাকে কেন্দ্র করে সন্ধ্যায় দুলাল মিয়া ও লিটন মিয়ার মধ্যে বাকবিতণ্ডা হয়।
এর জেরে সোমবার দুপুরে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনায় অন্তত ৩০ জন আহত হন। আহতদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. নজু মিয়া চৌধুরী জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন বলেন, ‘গরুকে খুঁটিতে বেঁধে রাখা নিয়ে সৃষ্ট বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

হবিগঞ্জ প্রতিনিধি 

















