সিলেট নগরীতে দিনদুপুরে দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ব্যাংক থেকে টাকা তুলে বাসায় ফেরার পথে এক নারীকে লক্ষ্য করে মোটরসাইকেলযোগে এসে তার অটোরিকশা আটকে ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নগরের হাউজিং এস্টেট এলাকায়।
ছিনতাইয়ের পুরো ঘটনা পাশের একটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়। ফুটেজে দেখা যায়, হাউজিং এস্টেটের ভেতরের সড়ক দিয়ে একটি অটোরিকশা যাচ্ছিল। এ সময় তিনটি মোটরসাইকেলে করে ৬ জন ব্যক্তি এসে অটোরিকশার গতি রোধ করে। এরপর একজন মোটরসাইকেল থেকে নেমে অটোরিকশার ভেতরে থাকা ব্যাগ ধরে টানাহ্যাঁচড়া শুরু করে। কয়েক সেকেন্ডের ধস্তাধস্তির পর ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায় তারা। এ সময় অটোরিকশা থেকে নেমে ওই নারীকে চিৎকার করতে দেখা যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা ওই নারী ব্যাংক থেকে টাকা তুলে বাসায় ফিরছিলেন। ছিনতাইকারীরা তার ব্যাগে থাকা নগদ টাকা ও চেক বইয়ের কয়েকটি পাতা নিয়ে গেছে। ভুক্তভোগীর নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এলাকার সাবেক সিটি কাউন্সিলর ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ঘটনার পরপরই তিনি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশের কাছে দিয়েছেন এবং দ্রুত ছিনতাইকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তার মতে, ঘটনাটি পরিকল্পিত হতে পারে এবং ভুক্তভোগীর গতিবিধি সম্পর্কে আগে থেকেই কেউ তথ্য দিয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা উচিত।
এ ব্যাপারে এয়ারপোর্ট থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মোবাশ্বির জানান, ছিনতাইয়ের ঘটনায় মৌখিক অভিযোগ পাওয়া গেছে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।
প্রকাশ্য দিবালোকে এমন ছিনতাইয়ের ঘটনায় নগরবাসীর মাঝে উদ্বেগ তৈরি হয়েছে। নিরাপত্তা জোরদার ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিজস্ব প্রতিবেদক 

















