সিলেট নগর পরিচালনায় নতুন অধ্যায় শুরু হলো। জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীকে সিলেট সিটি করপোরেশন-এর পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা) এক প্রজ্ঞাপনের মাধ্যমে সিলেটসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয়। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত হয়।
নিয়োগের প্রতিক্রিয়ায় আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, নগরবাসীর প্রত্যাশা পূরণ ও উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন করাই হবে তাঁর প্রধান লক্ষ্য। তিনি দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী আন্দোলনে সিলেটের রাজপথে সক্রিয় নেতৃত্ব দিয়েছেন কাইয়ুম চৌধুরী। ছাত্রদল ও যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে তিনি বিএনপিকে সংগঠিত করতে ভূমিকা রাখেন। ২০২২ সালের ২৯ মার্চ ভোটের মাধ্যমে জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন তিনি। পাশাপাশি সিলেট বিভাগে আন্দোলন-সংগ্রামের সমন্বয়কারীর দায়িত্বও পালন করেন।
রাজনৈতিক জীবনে তিনি সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান-এর রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া চারদলীয় জোট সরকারের আমলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক ছিলেন। বর্তমানে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর সিন্ডিকেট সদস্য।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন কাইয়ুম চৌধুরী। তবে দলটি ওই আসনে মনোনয়ন দেয় যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম এ মালিককে। এরপরও জেলার বিভিন্ন আসনে বিএনপির প্রার্থীদের পক্ষে নির্বাচনী কার্যক্রম সমন্বয় করেন তিনি।
প্রজ্ঞাপনে জানানো হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ ক অনুযায়ী করপোরেশন পুনর্গঠন না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁকে পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করতে হবে।
দলের নেতা-কর্মীরা মনে করছেন, সৎ ও কর্মিবান্ধব নেতা হিসেবে পরিচিত আবদুল কাইয়ুম চৌধুরীর নিয়োগে সিটি করপোরেশনের কার্যক্রমে গতি আসবে এবং নগরবাসী কাঙ্ক্ষিত সেবা পাবে।

নিজস্ব প্রতিবেদক 



















