নানা জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন সিলেটের দুই নবনির্বাচিত সংসদ সদস্য। সিলেট-১ আসনের এমপি খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট-৪ আসনের এমপি আরিফুল হক চৌধুরী পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাদের শপথ গ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে ফোন করা হয়েছে। সূত্র জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আরিফুল হক চৌধুরী।
নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “সিলেটবাসী ও দেশবাসীর দোয়া চাই। দল যে আস্থা রেখেছে, তার প্রতিদান যেন কাজের মাধ্যমে দিতে পারি।” তিনি এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
অপরদিকে আরিফুল হক চৌধুরী বলেন, “সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। দল তৃণমূলের একজন কর্মীকে যেভাবে মূল্যায়ন করেছে, তার মর্যাদা কাজের মাধ্যমে রাখতে চাই। সকলের দোয়া কামনা করছি।” তিনিও প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী পেয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৮৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জয়নাল আবেদীন পান ৭১ হাজার ৩৯১ ভোট।
অন্যদিকে সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদির পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৯৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা হাবিবুর রহমান পান ১ লাখ ৩৪ হাজার ৯৮৩ ভোট। তিনি ৪১ হাজার ৯৫৩ ভোটের ব্যবধানে জয়ী হন।
আজ বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক 
















