সিলেট বিএনপি দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে জকিগঞ্জ উপজেলা সভাপতি শফিকুর রহমানসহ আরও পাঁচ নেতাকে পদচ্যুত করেছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে শফিকুরকে সাময়িক বহিষ্কার করা হয়। তাকে দলের মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়া এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিলেট-৫ আসনে বিএনপি সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি উবায়দুল্লাহ ফারুক মনোনীত প্রার্থী। এই আসনে বিএনপি ‘বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন মামুনুর রশীদ, যিনি ‘চাকসু মামুন’ নামে পরিচিত।
এছাড়া, দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের কারণে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার আরও পাঁচ নেতাকে সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন: জকিগঞ্জ পৌর বিএনপির সহ সভাপতি শামীম আহমদ, পৌর বিএনপির সদস্য আব্দুস শাকুর, মুসা মো. এহিয়া, জকিগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল মালিক।
বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে বিএনপি মনোনীত প্রার্থী উবায়দুল্লাহ ফারুকের সুপারিশ এবং জকিগঞ্জ পৌর বিএনপির লিখিত আবেদনের ভিত্তিতে।
সিলেট জেলা বিএনপির সহ দফতর সম্পাদক মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাদেরকে সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতে সকল নেতাকর্মী দলীয় সিদ্ধান্ত মেনে চলবেন এবং দলের শৃঙ্খলা রক্ষা করবেন।
জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, দলীয় শৃঙ্খলা ও ঐক্য রক্ষার জন্য এই ধরনের পদক্ষেপ অপরিহার্য। এখন থেকে শফিকুর দলের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

নিজস্ব প্রতিবেদক 


















