বীর শহীদদের স্মরণে নির্মিত মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার স্মৃতিসৌধে নির্বাচনী জনসভার মঞ্চ নির্মাণকে ঘিরে জেলায় তীব্র বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, শহীদদের প্রতি পরম শ্রদ্ধার প্রতীক এই পবিত্র স্থানে রাজনৈতিক সভা আয়োজন করে জাতীয় মর্যাদা ও নৈতিকতার সীমা লঙ্ঘন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্মৃতিসৌধের বেদীতেই মঞ্চ স্থাপন করা হয়। সেখানে জুতা পরে দাঁড়িয়ে স্লোগান দেওয়া, রাজনৈতিক ব্যানার-ফেস্টুন টানানো এবং মাইকিং করা হয়। যে বেদীতে রাষ্ট্রীয় দিবসে শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করা হয়, সেই স্থানকে নির্বাচনী মঞ্চে রূপ দেওয়ায় সাধারণ মানুষ, মুক্তিযোদ্ধা পরিবার ও সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয় এক মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য বলেন, “শহীদদের স্মৃতির ওপর দাঁড়িয়ে রাজনীতি করা শুধু অশোভন নয়, এটি জাতীয় চেতনার সরাসরি অবমাননা।” সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই স্মৃতিসৌধের পবিত্রতা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
এ বিষয়ে জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, স্মৃতিসৌধে রাজনৈতিক কর্মসূচি আয়োজনের বিষয়ে কোনো অনুমতি দেওয়া হয়নি। অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
ঘটনাটি ঘিরে মৌলভীবাজারে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। সচেতন মহল বলছে, শহীদদের স্মৃতিসৌধ দলীয় রাজনীতির ঊর্ধ্বে—এ ধরনের কর্মকাণ্ড বন্ধে কঠোর অবস্থান জরুরি।

কুলাউড়া প্রতিনিধি 


















