সুনামগঞ্জে বিরোধপূর্ণ জমি থেকে মাত্র ৩০০ টাকার শীতলপাটি তৈরির বেত বিক্রিকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা নিহত হয়েছেন। নিহত আবু হানিফা (৫৫) সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়ারগাঁও গ্রামের মৃত ফিরিজ আলীর ছেলে।
হত্যাকাণ্ডে অভিযুক্ত তামিম আহমেদ একই এলাকার নুর উদ্দিনের ছেলে। তিনি নিহত আবু হানিফার চাচাত ভাইয়ের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিরোধপূর্ণ জায়গা থেকে আবু হানিফা বেত কেটে বিক্রি করলে এ নিয়ে বৃহস্পতিবার রাতে জেলা কারাগারসংলগ্ন একটি মার্কেটের সামনে চাচা-ভাতিজার মধ্যে কথা-কাটাকাটি ও পরে মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে ভাতিজা তামিম আবু হানিফার বুকে ও পিঠে কিল-ঘুসি মারলে তিনি গুরুতর আহত হন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু হানিফাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে মার্জন আহমদ বাদী হয়ে ভাতিজা তামিম আহমেদসহ ৯ জনের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িত নয়—এমন কাউকে অহেতুক হয়রানি করা হবে না।

সুনামগঞ্জ প্রতিনিধি 


















