বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও তারকা ফুটবলার জামাল ভূঁইয়া বলেছেন, প্রান্তিক পর্যায়ে ফুটবলের এমন আয়োজন মুগ্ধ করার মতোই। এরকম আয়োজন অব্যাহত থাকলে আমাদের ফুটবল অনেক দূর এগিয়ে যাবে। বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের এমন আয়োজনের জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। তিনি আরোও বলেন, প্রথম বারের মতো আমি বিশ্বনাথে এসেছি, একটি অসাধারণ ম্যাচও উপভোগ করেছি। খেলা খেলতে হবে মন দিয়ে, আর মন দিয়ে খেললে যেকোন খেলোয়াড়ই একদিন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে।
তিনি শুক্রবার (২৩ জানুয়ারী) বিকেলে সিলেটের বিশ্বনাথে পৌর শহরের বিশ্বনাথেরগাঁও গ্রামে পুষ্প সৌরভ স্পোটিং ক্লাবের মাঠে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের উদ্যোগে আয়োজিত ‘৩য় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট’র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের বাংলাদেশ সমন্বয়ক কমিটির আয়োজন অনুষ্ঠিত টুর্ণামেন্টে উপজেলার আট ইউনিয়নের আটটি ফুটবল দল অংশ গ্রহন করে।
ফাইনাল ম্যাচে ট্রাইবেকারে লামাকাজী ইউনিয়ন ফুটবল দল ১(৩)-১(১) গোলের ব্যবধানে বিশ্বনাথ ইউনিয়ন ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এর পূর্বে নির্ধারিত খেলা চলাকালে ম্যাচের প্রথমার্ধের ১৫ মিনিটের সময় লামাকাজী ইউনিয়ন ফুটবল দলের মোবিন গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের ৮০ মিনিটের সময় বিশ্বনাথ ইউনিয়ন ফুটবল দলের জামাল গোল করে ম্যাচে সমতা আনেন।
ম্যান অব দ্যা ফাইনাল ও টুর্ণামেন্টের সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন লামাকাজী ইউনিয়ন ফুটবল দলের মোজাক্কির, সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়েছেন বিশ্বনাথ ইউনিয়ন ফুটবল দলের সিপন এবং টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লামাকাজী ইউনিয়ন ফুটবল দলের শাহাদৎ। বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের এসিস্ট্যান্ট সেক্রেটারী রুহেল মিয়ার সভাপতিত্বে এবং ধারাভাষ্যকার আব্দুল আহাদ ও মোহাম্মদ আলী লিটনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য নূর হোসাইন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা ট্রাস্টি আলহাজ্ব রইছ আলী, বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সহ সভাপতি মিছবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক গুলজার খান, সহ সাধারণ সম্পাদক আব্দুর রহিম রঞ্জু,ট্রাষ্টি আবুল কালাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের এ্যাসিস্ট্যান্ট মিডিয়া এডভাইজার জামির হোসাইন, ক্রীড়া সংগঠক আজিজুর রহমান খান রাজু।
এসময় অনুষ্ঠানে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের বাংলাদেশ সমন্বয়ক কমিটির সদস্য সাহাব উদ্দিন সাবুল, তারেক আহমদ খজির, ছাইফ উদ্দিন, হেলাল মিয়া, দেলওয়ার হোসেন, ওয়াসিম উদ্দিন, নিজাম উদ্দিন, লিটন আহমদ প্রমুখ’সহ প্রবাসী নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথ প্রতিনিধি 

















