কুড়িগ্রামে স্ত্রীকে ছুরিকাঘাতে খুন করে সিলেটে আত্মগোপন করেছিলেন শহিদুল ইসলাম বাবলু (৫৫) নামের এক ব্যক্তি। কিন্তু শেষ রক্ষা হয়নি। গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরের কানিশাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে র্যাব।
বাবলু কুড়িগ্রামের নাগেশ্বরী থানার ভিতরবন্দ বানিয়ারভিটা গ্রামের রজব আলীর ছেলে।
র্যাব জানায়, বাবলু পরিবার নিয়ে ঢাকায় থাকতেন। কিন্তু ঋণগ্রস্ত হওয়ায় গত বছরের ৬ ডিসেম্বর তিনি কুড়িগ্রামস্থ গ্রামের বাড়ি চলে যান। গত ১১ জানুয়ারি রাতে পারিবারিক কলহের জের ধরে বাবলু তার স্ত্রী মহিনা বেগমকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে ঘর থেকে মহিনার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় বাবলুকে গ্রেফতার করে র্যাব।

নিজস্ব প্রতিবেদক 


















