সুনামগঞ্জের দিরাইয়ে সুস্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।
বুধবার (০৩ মার্চ) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রশিক্ষণের পরিসমাপ্তি ঘটে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)-এর সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার।
উপজেলা কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারটান সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও আঞ্চলিক প্রধান মুসফিকুছ সালেহীন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার বলেন, সুস্থ ও কর্মক্ষম জীবনযাপনের জন্য ফলিত পুষ্টি জাত শাকসবজি ও পুষ্টিকর খাদ্য গ্রহণ অত্যন্ত জরুরি।
অনেক সময় অসচেতনতার কারণে আমরা পুষ্টিকর খাদ্য গ্রহণ থেকে বঞ্চিত হই।
তিনি বলেন, অল্প খরচ ও সামান্য পরিশ্রমে নিজ উদ্যোগে পুষ্টিসমৃদ্ধ শাকসবজি উৎপাদন সম্ভব, যা শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের জোগান দিতে পারে।
তিনি আরও বলেন, সরকারের উদ্যোগে সকল শ্রেণি-পেশার মানুষকে পুষ্টি সচেতন ও আত্মনির্ভরশীল করে তুলতেই এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নিজে পুষ্টিকর খাদ্য উৎপাদনের পাশাপাশি অন্যদেরও উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে শিক্ষক, সাংবাদিক, ইমাম, পুরোহিত, কৃষক, নারী মাঠকর্মী ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার, অর্থসম্পাদক প্রশান্ত সাগর দাস, শিক্ষক সুধা সিন্ধু দাস ও সুমনা আচার্য্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণ দিরাইয়ে পুষ্টিসমৃদ্ধ শাকসবজি ও খাদ্য উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখবে।

দিরাই প্রতিনিধি 






















