সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার পুরোনো ও ঝুঁকিপূর্ণ ওভারসিজ সেন্টার ভবন দ্রুত ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন মো. সারওয়ার আলম।
গত রোববার (১ মার্চ) সরেজমিন পরিদর্শন শেষে তিনি এ নির্দেশনা দেন।
পরিদর্শনের সময় জেলা প্রশাসক পুরো ভবন ঘুরে দেখেন এবং বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানের কার্যালয়ে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তিনি সংশ্লিষ্টদের দ্রুত মালামাল ও পণ্য সরিয়ে নিতে অনুরোধ জানান।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভবনটির কার্যকারিতা অনেক আগেই শেষ হয়েছে এবং এটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রায় তিন মাস আগে নোটিশ দেওয়া হলেও অনেকে তা আমলে নেননি; বরং আদালতে রিট করেছেন, যা কেবল সময়ক্ষেপণ ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেন তিনি। রমজান শেষ হওয়ার পরপরই ভবনটি ভাঙার কাজ শুরু হবে বলেও জানান জেলা প্রশাসক।
তিনি আরও বলেন, নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে এবং সেখানে পুরোনো ব্যবসায়ীদের অগ্রাধিকার দেওয়া হবে। সবাই সহযোগিতা করলে দ্রুত আধুনিক ও নিরাপদ ভবন গড়ে তোলা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, এর আগে ফেব্রুয়ারি মাসের মধ্যেই ভবন খালি করার নির্দেশনা দেওয়া হয়েছিল।

নিজস্ব প্রতিবেদক 














