লন্ডনে পাঠানোর আশ্বাস দিয়ে জাল ভিসা সরবরাহ ও ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মনির আহমেদ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯। ভুক্তভোগীর দায়ের করা মামলার ভিত্তিতে গোয়েন্দা নজরদারি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে বাহিনীটি।
মামলার তথ্য অনুযায়ী, গোলাপগঞ্জ থানার যোগারকুল এলাকার বাসিন্দা মো. আরিফ আহমেদ (৩০) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি বিজ্ঞাপন দেখে বিদেশ যাওয়ার বিষয়ে যোগাযোগ করেন। অভিযুক্ত মনসুর আলী তালুকদার ও মনির আহমেদ নিজেদের বৈধ এজেন্সির মাধ্যমে লোক বিদেশে পাঠানোর কাজ করেন বলে পরিচয় দেন। পরবর্তীতে একটি কার্যালয়ে ডেকে নিয়ে ২৫ লাখ টাকার বিনিময়ে দুই থেকে তিন মাসের মধ্যে লন্ডনের ভিসা করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
চুক্তি অনুযায়ী প্রথমে তিন লাখ টাকা এবং ভিসা পাওয়ার পর বাকি অর্থ দেওয়ার কথা থাকলেও বিভিন্ন সময়ে নগদ ১৬ লাখ ও ব্যাংকের মাধ্যমে ছয় লাখসহ মোট ২৫ লাখ টাকা পরিশোধ করেন ভুক্তভোগী।
গত বছরের ২১ ডিসেম্বর সকাল ৬টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছে বোর্ডিং পাস সংগ্রহ করেন। ইমিগ্রেশন চলাকালে কর্তব্যরত কর্মকর্তা তার পাসপোর্টে সংযুক্ত ভিসা স্টিকারটি জাল বলে শনাক্ত করেন। পরে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়।
মামলার পরিপ্রেক্ষিতে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় সোমবার (২ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে সিলেট মহানগর পুলিশ এলাকার শাহপরাণ থানার তামাবিল রোডের দাসপাড়া বাজারে অভিযান চালিয়ে এজাহারভুক্ত পলাতক আসামি মনির আহমেদকে আটক করা হয়।
তার বিরুদ্ধে ২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনসহ দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রয়েছে। আটককৃতকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক 














