সিলেট সদরের জালালাবাদ থানা অধীন জৈনকারকান্দি এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে দুই মহিলার মধ্যে সংঘটিত মারামারির ঘটনায় আহত আয়ারুন বেগম (৬৩) মারা গেছেন।
তিনি শনিবার (২৮ ফেব্রুয়ারি) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহত আয়ারুন বেগম জৈনকারকান্দি গ্রামের আয়ুবুর রহমানের স্ত্রী। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রতিবেশী এক মহিলার সঙ্গে জমি সংক্রান্ত বিরোধে মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের দুই মহিলা আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে দু’পক্ষ আপোষ-মীমাংসার আগ্রহ দেখালে পুলিশ আনুষ্ঠানিকভাবে হস্তক্ষেপ করেনি। তবে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর আয়ারুন বেগমের শারীরিক অবস্থার অবনতি হলে পুনরায় হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক 









