নরসিংদীর রায়পুরার ২৬ ফেব্রুয়ারি বাঁশগাড়ীর সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বাঁশগাড়ী থেকে নৌকায় পার্শ্ববর্তী চরমধুয়ায় পৈতৃক বাড়িতে যাচ্ছিলেন আমির হোসেন। এক দল দুর্বৃত্ত আরেকটি নৌকায় তাঁকে উঠিয়ে নিয়ে যায়। এরপর হত্যার পর লাশ নদীতে ফেলে দেয় তারা। একই দিন চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা মহানগর ও নরসিংদীতে পৃথক ঘটনায় হত্যার শিকার হন আরও পাঁচজন। নরসিংদীর মাধবদীর দাড়িকান্দি গ্রামে আমেনা আক্তার নামে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযাগ, সংঘবদ্ধ ধর্ষণের পর তাকে খুন করে বখাটেরা।
পুলিশের অপরাধ তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত ১৫ দিনে হত্যার শিকার হয়েছেন অন্তত ৪০ জন। নিহতদের মধ্যে আটজন নারী। খুলনা ও চট্টগ্রাম বিভাগে খুন হয়েছে বেশি, কম বরিশাল ও রংপুরে। নিহতদের মধ্যে বিএনপির কর্মী তিনজন, যুবদল নেতা একজন, ছাত্রদল কর্মী একজন ও জামায়াত সমর্থক একজন রয়েছে। নিহতের মধ্যে ছুরিকাঘাতে নিহত ৮, গুলিতে খুন ৩। এ ছাড়া গণপিটুনি, শ্বাসরোধ, চাকুর আঘাত ও সংঘর্ষে নিহত হয়েছেন কয়েকজন। অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন সাতজন।
খুলনা বিভাগে খুন ১১
তথ্য বিশ্লেষণে উঠে এসেছে, গত ১৮ ফেব্রুয়ারি থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত খুলনা বিভাগে ১১ জন হত্যার শিকার হয়েছেন। তাদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চারজন, প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুজন, অজ্ঞাত কারণে দুজন, বিএনপি-জামায়াত সংঘর্ষে একজন ও পূর্বশত্রুতার জেরে একজন। ২৭ ফেব্রুয়ারি খুলনার দিঘলিয়া উপজেলায় কুপিয়ে ও পায়ের রগ কেটে যুবদল নেতা মো. মুরাদ খাঁকে হত্যা করা হয়েছে। মুরাদ উপজেলা সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। হত্যাকাণ্ডে দিঘলিয়া থানা ছাত্রদলের বহিষ্কৃত নেতা সাজ্জাদ হোসেনসহ তাঁর অনুসারীরা জড়িত বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় সাজ্জাদসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ, স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, ১৮ ফেব্রুয়ারি স্থানীয় হাটের ইজারার দরপত্রকে কেন্দ্র করে সাজ্জাদ ও খান মুরাদের মধ্যে কথাকাটাকাটি ও বিরোধ শুরু হয়। অভিযোগ আছে, ঘটনার দিন উপজেলার সেনহাটি এলাকার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সামনের একটি দোকানে সাজ্জাদ হোসেনের নেতৃত্বে ছাত্রদলের কয়েকজন মিলে মুরাদকে হত্যা করেন।
২৬ ফেব্রুয়ারি খুলনায় শেখ সোহেল (৪১) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নগরের খানজাহান আলী থানার আফিলগেট পেট্রোল পাম্পসংলগ্ন একটি মোটরসাইকেল গ্যারেজে এ ঘটনা ঘটে।
শেখ সোহেল খানজাহান আলী থানার আটরা শেখপাড়া এলাকার বাসিন্দা বাচ্চু শেখের ছেলে। তিনি মাছের ঘের ও ইন্টারনেট ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
চট্টগ্রামে দুই সপ্তাহে ৮ হত্যাকাণ্ড
পুলিশের অপরাধ তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত দুই সপ্তাহে চট্টগ্রামে নিহত হয়েছেন আটজন। তাদের মধ্যে অনলাইন জুয়া খেলাকে কেন্দ্র করে একজন, অজ্ঞাত কারণে দুজন, জমিজমা নিয়ে বিরোধে একজন, ডাকাত দলের হামলায় একজন, পূর্বশত্রুতায় একজন, এক মা তাঁর মেয়েকে শ্বাসরোধে হত্যা ও অজ্ঞাত দুর্বৃত্তরা একজনকে খুন করে। ২৫ ফেব্রুয়ারি রাউজানে যুবদলকর্মী মুহাম্মদ আবদুল মজিদকে গুলি করে হত্যা করা হয়। বাজার থেকে হেঁটে বাড়ির দিকে রওনা হন আবদুল মজিদ। এ সময় মুখোশ পরা একদল অস্ত্রধারী যুবক মোটরসাইকেলে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। পরে হামলাকারীরা দ্রুত সটকে পড়ে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রাউজানে ২১টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে ১৫টি রাজনৈতিক-সংশ্লিষ্ট বলে দাবি করা হচ্ছে। এ সময়ে শতাধিক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে এবং গুলিবিদ্ধসহ আহত হয়েছেন সাড়ে তিন শতাধিক মানুষ।
ঢাকা বিভাগে বিভিন্ন ঘটনায় ৯ খুন
ঢাকা বিভাগ ও মহানগরে ১৮ ফেব্রুয়ারির পর থেকে গতকাল পর্যন্ত অন্তত ৯ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে প্রেমের কারণে একজন, সন্ত্রাসী হামলায় একজন, মাদক কারবার নিয়ে দ্বন্দ্বে একজন, জমি নিয়ে বিরোধে একজন, আধিপত্য বিস্তার নিয়ে একজন, অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে দুজন ও অজ্ঞাত কারণে দুজন হত্যার শিকার হয়েছেন।
২৫ ফেব্রুয়ারি রাজধানীর হাজারীবাগ থানার সামনে প্রেমঘটিত বিরোধের জের ধরে অষ্টম শ্রেণীর ছাত্রী শাহরিয়ার শারমিনকে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় আসামি সিয়াম হোসেন ওরফে ইমন (১৯) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
জবানবন্দি রেকর্ডের আবেদন থেকে জানা গেছে, ২০২৩ সালে আসামি সিয়াম ও শারমিন শিকড় আইডিয়াল স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ত। ওই সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। অন্য বন্ধুদের মাধ্যমে শারমিনের একাধিক প্রেম ও ছবি থাকার বিষয়ে জানতে পারেন সিয়াম। বিষয়টি যাচাই করার জন্য সিয়াম তাঁর পরিচিত বন্ধুর মাধ্যমে প্রেমের প্রস্তাব দেন। শারমিন তাঁর বন্ধুর প্রেমের প্রস্তাবও গ্রহণ করে। আসামি প্রমাণসহ শারমিনকে এ বিষয়ে জিজ্ঞেস করলে সে এবারও অস্বীকার করে। এরপর আসামি সিদ্ধান্ত নেন সরাসরি শারমিনকে জিজ্ঞেস করবেন। কিন্তু সে অস্বীকার করলে হত্যার পরিকল্পনা করেন।
২৫ ফেব্রুয়ারি হাতিরঝিলের পশ্চিম উলন এলাকা থেকে তাহেদী আক্তার নামে ছয় বছরের শিশুর লাশ উদ্ধার করা হয়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী থানা ঘেরাও করে। এ ছাড়া ২৮ ফেব্রুয়ারি ওবায়দুল্লাহ নামে এক যুবককে হত্যার পর তাঁর শরীর কয়েক টুকরো করা হয়। কমলাপুর, ডেমরা, বায়তুল মোকাররম এলাকা ও সাভার থেকে খণ্ডিত অংশ উদ্ধার করে পুলিশ।
তিন বিভাগে হত্যার শিকার আরও ১২
রাজশাহীতে ছয়জন খুন হয়েছেন। তাদের মধ্যে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে দুজন, ওয়াজ মাহফিলে অতিথি নির্ধারণকে কেন্দ্র করে একজন, অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে দুজন ও চাচাতো ভাইয়ের হাতে একজন।
রংপুরে নিহত হয়েছেন চারজন। তাদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে একজন, গণপিটুনিতে দুজন ও অজ্ঞাত কারণে একজন।
বরিশাল বিভাগে নিহত হয়েছেন দুজন। পটুয়াখালীর কলাপাড়ায় স্থানীয় যুবদল নেতাকর্মীদের মারধরে ইদ্রিস খান নামে একজন নিহত হয়েছেন। ফেসবুকে পোস্ট ঘিরে এ বিরোধের সূত্রপাত বলে জানা গেছে।
সূত্র : সমকাল

প্রতিদিনের সিলেট ডেস্ক 























