আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা জমে উঠেছে। প্রবাসী অধ্যুষিত এ আসনে নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন প্রত্যাশী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা চষে বেড়াচ্ছেন জনগণের কাছে নিজেদের প্রস্তুত করে তুলতে শুরু করছেন।
আসন্ন নিবার্চনে বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল আওয়ামীলীগ না থাকলেও বিএনপি, জামায়াত নিবার্চনে অংশগ্রহণ করছে। পাশাপাশি ইসলামিক বিভিন্ন দলের প্রার্থীরা তাদের দলীয় প্রতীক নিয়ে লড়াই করার জন্য মাঠে, ঘাটে, হাটে চষে বেড়াচ্ছেন।
এ আসনে বহু নাটকীয়তার পর শেষ পর্যন্ত নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনাকে (ধানের শীষ প্রতীকে) প্রার্থীতা ঘোষণা করেছে বিএনপি।
দীর্ঘ দিন পর এ আসনটিতে দলীয় প্রার্থী পাওয়ায় তৃণমূল বিএনপি নেতাকমীর্দের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
ইলিয়াস আলীর অসমাপ্ত কাজ সমাপ্ত করার ঘোষণা নিয়ে পুরো আসনে ধাপিয়ে বেড়াচ্ছেন ইলিয়াছ পত্নী লুনা। ইলিয়াছ আবেগকে কাজে লাগিয়ে পুরো ভোটের মাঠ নিজ দখলের চেষ্টায় কাজ করছেন অবিরত। পাশাপাশি বিএনপির ঘাটি হিসেবে পরিচিত এ আসটি পুনরুদ্ধার করে বেগম খালেদ জিয়াকে উপহার দেওয়ার তিনি মত্ত।
এদিকে নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নানকে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জামায়াত।প্রার্থীতা ঘোষণার পর থেকে তিনি- গ্রামগঞ্জে (দাড়িপাল্লা প্রতীকে) উঠান বৈঠক করছেন সিলেটের সজ্জন, শিক্ষিত ও শিল্প উদ্দোক্তা আব্দুল হান্নান । জামায়াতে ইসলামীর একক প্রার্থী হিসেবে আব্দুল হান্নানকে নিয়ে বেশ সক্রিয় স্হানীয় নেতাকর্মীরা।তিনি নিয়মিত গণসংযোগ, পথসভা এবং স্থানীয় নেতাকর্মীদের নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে ওসমানীনগর উপজেলায় জামায়াতের শক্তিশালী সাংগঠনিক কাঠামো তাদের প্রচারণায় গতি এনেছে।
এ আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনায় রয়েছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুনতাছির আলী (ঘড়ি প্রতীক) । নির্বাচনকে সামনে রেখে তিনি ও মাঠ দখলের চেষ্টায় ব্যস্ত সময় অতিবাহিত করছেন।
নিবার্চনকে সামনে রেখে এ আসনে ইসলামিক দলগুলোর সমর্থনে স্থানীয় মানুষদের মধ্যে উত্তাপ ছড়াচ্ছে। এ আসন ঘিরে মূলত আলোচনায় তিনজনের নাম মানুষের মুখেমুখে। ইলিয়াছ পত্নী লুনা, অধ্যাপক আব্দুল হান্নান নাকি মুনতাছির আলী কে হবেন, এ আসনে আগামীর সংসদ সদস্য তা নিয়ে গোটা আসন জুড়ে চলছে আলোচনা।
এছাড়া ও ইসলামি দলের মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম সংগঠনের যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা হোসাইন আহমদ,ইসলামী আন্দোলন সংগঠনের বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আমির উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনিত প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী ডক্টর মুফতি হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমী,নতুন নিবন্ধিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে প্রার্থী হচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী ব্যারিষ্টার আব্দুস শহিদ, বাংলাদেশ আমজনগণ পার্টির সিলেট জেলা শাখার আহবায়ক রোটারিয়ান মিছবাহ উদ্দিন এবং গনঅধিকার পরিষদের নেতা জামান সিদ্বিকী প্রার্থীতার জোর গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এদের কেউ এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেননি, তবুও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ভোটারদের মাঝে আলোচনা চলছে।
সিলেট-২ আসনে বিএনপির অভ্যন্তরীন বিরোধ এবং জামায়াতের শক্তিশালী অবস্থান—সব মিলিয়ে এখানকার নির্বাচনী মাঠ এখন উত্তপ্ত ও কৌতূহলপূর্ণ। লুনা না কি অন্য কোনো শক্তি চমক দেখাবে, তা জানতে ভোটারদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

নিজস্ব প্রতিবেদক 















