স্পাউস ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রায় অর্ধকোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে আব্দুল করিম নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে তাকে গ্রেপ্তার করে সিলেট মহানগর পুলিশ-এর কোতোয়ালী মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আব্দুল করিম নগরীর তালতলা এলাকার মো. আব্দুল্লাহর ছেলে।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, স্পাউজ ভিসায় দু’জনকে লন্ডন পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে কয়েক দফায় প্রায় ৪৫ লাখ টাকা নেন আব্দুল করিম। কিন্তু টাকা নেওয়ার পর নানা টালবাহানা শুরু করেন তিনি।
একপর্যায়ে তিনি টাকা ফেরত দিতে রাজি হয়ে কয়েক দফায় প্রায় ৩০ লাখ টাকা ফেরত দিলেও বাকি টাকা না দিয়ে গত কয়েক মাস ধরে ভুক্তভোগীদের হয়রানি করতে থাকেন।
এতে অতিষ্ঠ হয়ে ভুক্তভোগীরা আদালতে মামলা (নং সিআর-৮৬১/২০২৫) দায়ের করেন। মামলার পর আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন খান মো. মাঈনুল জাকির, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), কোতোয়ালী মডেল থানা। তিনি জানান, আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক 














