রাজনৈতিক নানা সমীকরণের পর দীর্ঘ ১৮ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে।
নিরাপত্তাজনিত কারণে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি বিমান থেকে নামবেন না। সিলেট হয়ে একই ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান। এর আগেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একই রুটে দেশে ফিরেছিলেন।
তবে তারেক রহমানের আগমন বিষয়ে সিলেটের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেলা ব্যবস্থাপক মাহমুদুর রহমান বলেন, ‘তারেক রহমান দেশে ফেরার বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।’ একইভাবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজুর রহমান চৌধুরী জানান, ‘বাংলাদেশ বিমানের ফ্লাইটে করে তারেক রহমান সিলেট হয়ে ঢাকায় ফিরবেন—এমন কোনো তথ্য আমাদের জানা নেই।’
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ক্ষেত্রে লন্ডন–সিলেট–ঢাকা রুট ব্যবহার নতুন নয়। তারেক রহমানের আগমন উপলক্ষে রাজধানীর গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবন প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও নীরবে প্রস্তুতি শুরু হয়েছে। তার সঙ্গে তার কন্যা জাইমা জারনাজ রহমানও দেশে আসতে পারেন বলে জানা গেছে।
এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে আসছেন। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ।’
উল্লেখ্য, ২০০৭ সালের এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর তারেক রহমান গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারামুক্ত হয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি এবং দীর্ঘ সময় সেখানেই অবস্থান করেন। গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বিভিন্ন মামলায় তার সাজা বাতিল হয় এবং কিছু মামলায় তিনি আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পান।

নিজস্ব প্রতিবেদক 










