সিলেট মহানগর এলাকায় দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলা রাখার সময়সূচি সংশোধন করে নতুন গণবিজ্ঞপ্তি জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
সোমবার (২২ ডিসেম্বর) এসএমপির পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থ বিবেচনায় ১ ডিসেম্বর প্রকাশিত আগের নির্দেশনা সংশোধন করে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে, যা ২২ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
নতুন নির্দেশনা অনুযায়ী : খাবার হোটেল, রেস্তোরাঁ, আবাসিক হোটেল, ওষুধের ফার্মেসি, হাসপাতাল ও ক্লিনিক সার্বক্ষণিক খোলা থাকবে। মিষ্টির দোকান, মুদি দোকান ও কাঁচাবাজার রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত খোলা রাখা যাবে। অন্যান্য সব বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে।
এ ছাড়া হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজারসংলগ্ন এলাকার স্যুভেনির দোকানগুলো রাত ১১টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগরের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও জনসাধারণের সুবিধা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাইকে নতুন নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক 









