সিলেট-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা হাবিবুর রহমানকে বিতর্কিত করতে পরিকল্পিতভাবে বিএনপি অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখা। ঋণ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মিথ্যাচার ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে বলেও দাবি করেন নেতারা।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর ধোপাদিঘীরপার এলাকায় মাওলানা হাবিবুর রহমানের প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।
তিনি বলেন, ‘ঋণ নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার শুরু হয়েছে। নিজেদের দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দিতেই এই চক্রান্ত। আমরা স্পষ্ট করে বলতে চাই—জামায়াত মনোনীত প্রার্থীর ব্যক্তিগত কোনো ঋণ নেই। তিনি যে দুটি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট, সেগুলোরও কোনো ব্যাংক ঋণ নেই।’
ফখরুল ইসলাম আরও বলেন, ‘মাওলানা হাবিবুর রহমান আল খারামা কোম্পানির একজন শেয়ারহোল্ডার এবং আল খারামা ও ইবনে সিনা ট্রাস্টের যৌথ মালিকানায় পরিচালিত সিলেট ইবনে সিনা হাসপাতালের ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এসব তথ্য তিনি নির্বাচনী হলফনামায় স্পষ্টভাবে উল্লেখ করেছেন। এরপরও তাকে জড়িয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা দাঁড়িপাল্লার জোয়ার দেখে আতঙ্কিত হওয়ারই বহিঃপ্রকাশ।’
তিনি সাবেক সিলেট মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরান ও আওয়ামী লীগ নেতা মিসবাহ উদ্দিন সিরাজের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করে বলেন, ‘আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি—মাওলানা হাবিবুর রহমানের সঙ্গে তাদের কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই। সাংবাদিকদের অনুরোধ করবো, বিষয়টি তদন্ত করে প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরুন।’
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাই শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই নির্বাচনে কোনো অনিয়মের সুযোগ নেই। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে দাঁড়িপাল্লার বিজয় কেউ ঠেকাতে পারবে না। জনগণের ওপর আস্থা নেই বলেই একটি দল আগাম অভিযোগ তুলছে।’
সংবাদ সম্মেলনে সিলেট-৩ আসনে ব্যানার-ফেস্টুন খুলে নেওয়ার অভিযোগ তুলে এটিকে হিংসাত্মক আচরণ হিসেবে আখ্যা দিয়ে তা পরিহারের আহ্বান জানানো হয়। একই সঙ্গে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিএনপি প্রার্থীর সভার ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।
নিরাপত্তা প্রসঙ্গে জামায়াত নেতা বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা ও বডি ক্যামেরা স্থাপনের আশ্বাস দিয়েছে প্রশাসন। সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হলে ভোটগ্রহণ নির্বিঘ্ন হবে বলেও মত দেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল, সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, মাওলানা ইসলাম উদ্দিনসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক 









