সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় মাইক্রোবাসের (নোহা) ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চারখাই ইউনিয়নের বাগবাড়ী মডেল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাধন আহমেদ (১৯) বিয়ানীবাজার উপজেলার চারখাই নওয়াখানী গ্রামের রুহেল আহমেদের ছেলে।
দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তি মাহিন (১৯) নামের আরেক যুবক। তিনি বাধন আহমেদের বন্ধু এবং উপজেলার পাত্তন দেউল গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাধন আহমেদ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মাহিনকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করে বলেন, দ্রুতগামী একটি মাইক্রোবাসের (নোহা) ধাক্কায় বিপরীতগামী মোটরসাইকেলটি চাপা পড়ে। গুরুতর অবস্থায় বাধন আহমেদকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর আরোহীকে গুরুতর অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় হলো, নিহতের পরিবার এ ঘটনায় মামলা না করে বিনা ময়নাতদন্তে লাশ নিয়ে গেছেন। সঙ্গে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিও তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে দুর্ঘটনার জন্য দায়ী মাইক্রোবাসটি (নোহা) থানা হেফাজতে রয়েছে। চালক ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

বিয়ানীবাজার প্রতিনিধি 









