মৌলভীবাজারের কুলাউড়ায় আপন বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ছোটভাই মহসিন মিয়াকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে দীর্ঘ ১৫ বছর প্রবাসে আত্মগোপনে থাকার পর কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ধামুলী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মহসিন একই গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১০ সালে পারিবারিক বিরোধের জেরে মহসিন তার আপন বড় ভাইকে হত্যা করেন। মামলার পর আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন, তবে এরপর থেকে তিনি আত্মগোপনে চলে যান।
মহসিন গ্রেপ্তার এড়াতে প্রথমে কাতার এবং পরবর্তীতে ইউরোপের পর্তুগালে চলে যান। দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফেরার পর পুলিশের নজরদারি ও তথ্যনুসারে ধামুলী গ্রামে তাকে গ্রেপ্তার করা হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বলেন, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মহসিন মিয়া দীর্ঘ দেড় দশক পলাতক ছিলেন। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি 









