সিলেট জেলার কানাইঘাট উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের কুওরের মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবনের ভেতর থেকে বিপুল পরিমাণ বিস্ফোরকসদৃশ সামগ্রী উদ্ধার করেছে র্যাব।
র্যাব-৯ জানায়, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত প্রায় ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ভবনের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ২৫টি পাওয়ার জেল ও ২৭টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়।
সংস্থাটি আরও জানায়, রাত ৯টা ৫০ মিনিটের দিকে বিস্ফোরক মজুদের তথ্য পেয়ে রাত ১০টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালানো হয়। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।
র্যাবের দাবি, উদ্ধার হওয়া এসব সামগ্রী উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হতে পারে। এগুলো নাশকতার উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল কি না, সে বিষয়ে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে চেষ্টা অব্যাহত রয়েছে।
আইনগত প্রক্রিয়ার জন্য উদ্ধার করা সামগ্রী জিডি মূলে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান জোরদার করা হয়েছে বলেও সংস্থাটি জানিয়েছে।

কানাইঘাট প্রতিনিধি 









