নির্বাচনে সিলেট বিভাগে ৯০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সেক্টর সদর দপ্তর সিলেটের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহউদ্দীন।
তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে আইনশৃঙ্খলা রক্ষায় সিলেট বিভাগে ৯০টি প্লাটুনে দুই হাজার ১০০ বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। এ উপলক্ষে সিলেট সীমান্তে বাড়তি নিরাপত্তার ব্যবস্থার নেওয়া হয়েছে।”
বৃহস্পতিবার দুপুরে সিলেট সরকারি কলেজ মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এদিন সকালে প্রস্তুতি মহড়া দেন বিজিবি সদস্যরা।
নিজেদের প্রস্তুতি ও বাড়তি নিরাপত্তার কথা জানিয়ে কর্নেল সালাহউদ্দীন বলেন, “জনগণের ভোটাধিকার সুরক্ষায় প্রস্তুত রয়েছে বিজিবি। সিলেট সেক্টরের অধীনে বিজিবি সদস্যরা দুটি জেলার ১০টি সংসদীয় আসনে অন্যান্য বাহিনীর সঙ্গে যৌথভাবে নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
“সীমান্তবর্তী সুনামগঞ্জ সদর, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জকিগঞ্জে-বিজিবি এককভাবে নির্বাচনি দায়িত্ব পালন করবে। এ ছাড়া সীমান্তবর্তী আরও পাঁচটি উপজেলায় সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে এবং অন্য ১২টি উপজেলায় বিজিবি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দায়িত্ব পালন করবে।”
তিনি বলেন, নির্বাচনি এলাকার ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি-৯ ইউনিটের চারটি কুকুর মোতায়েন থাকবে। এ ছাড়া বিজিবি সদস্যরা উপজেলাভিত্তিক বেইজ ক্যাম্পে অবস্থান করে দায়িত্ব পালন করবেন।
নির্বাচনি দায়িত্বে নিয়োজিত প্রতিটি সদস্যকে এর মধ্যে রায়োট কন্ট্রোল প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় মহড়া সম্পন্ন করা হয়েছে। ফলে বিজিবি সদস্যরা প্রয়োজনীয় সরঞ্জামসহ পেশাগতভাবে প্রস্তুত, আত্মবিশ্বাসী ও শৃঙ্খলাবদ্ধ অবস্থায় দায়িত্ব পালনে সক্ষম।
সেক্টর কমান্ডার সালাহউদ্দীন বলেন, বিজিবির সদর দপ্তরের নির্দেশনায় সরাইল রিজিয়ন অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি সক্রিয় ভূমিকা পালন করবে।
নির্বাচনকে কেন্দ্র করে সরাইল রিজিয়নের এক হাজার ২০৪ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর মধ্যে সিলেট সেক্টরের অধীনে ৩০২ কিলোমিটার সীমান্ত এলাকায় বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে।
এ সময় যাতে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ কোনো সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সেজন্য বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করছে বলে জানান কর্নেল কর্নেল মোহাম্মদ সালাহউদ্দীন।
বিজিবি জানিয়েছে, সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালন অব্যাহত রাখবে বিজিবি।

নিজস্ব প্রতিবেদক 









