সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও ভিত্তিহীন তথ্যের বিরুদ্ধে মূলধারার সংবাদমাধ্যমকে আরও সোচ্চার ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে, যেখানে অসম্পাদিত ও যাচাইহীন তথ্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।
শনিবার (২৪ জানুয়ারি) সিলেট প্রেসক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলী ইমাম মজুমদার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যের জবাবদিহিতা না থাকায় সাধারণ মানুষকে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দিতে মূলধারার গণমাধ্যমকে ডিজিটাল প্ল্যাটফর্মেও শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করতে হবে। মানুষ যেন ব্রেকিং নিউজ দেখে বিশ্বাসযোগ্য মূলধারার পোর্টালে গিয়ে তথ্য যাচাই করতে পারে—সেই আস্থা অর্জন করাই এখন সবচেয়ে জরুরি।
সাংবাদিকতার মান ও নৈতিকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অন্যান্য খাতের মতো সাংবাদিকতাতেও কিছুটা অবক্ষয় লক্ষ্য করা যাচ্ছে। তবে পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকদের মাধ্যমেই এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে দেশ ও জনস্বার্থে নিরপেক্ষ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সিলেটে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে সিলেট প্রেসক্লাবের ভূমিকার কথা স্মরণ করে আলী ইমাম মজুমদার বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হলের নামকরণ ইস্যুতে সৃষ্ট অচলাবস্থা নিরসনে প্রেসক্লাব গুরুত্বপূর্ণ অনুঘটকের ভূমিকা রেখেছিল। তৎকালীন নেতৃত্বের আন্তরিক প্রচেষ্টার কারণেই শান্তিপূর্ণ সমাধান সম্ভব হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেন, সুস্থ সমাজ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যমের বিকল্প নেই। ভুয়া ও অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে সাংবাদিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকতাকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে উল্লেখ করে বলেন, সাংবাদিকরা সঠিকভাবে দায়িত্ব পালন করলে দেশ এগিয়ে যাবে। ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে—সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ মহসিন উদ্দিন ও বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি পাশা খন্দকারসহ বিভিন্ন বিশিষ্টজন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথিকে সিলেট প্রেসক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয় এবং তিনি প্রেসক্লাবের পাঠাগার পরিদর্শন করেন।

নিজস্ব প্রতিবেদক 









