সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় র্যাব-৯ এর অভিযানে পরিত্যক্ত একটি রেলওয়ে টয়লেট থেকে ইন্ডিয়ান পাওয়ার জেল ও ডেটোনেটর উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব বিস্ফোরক নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা করা হচ্ছে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল দক্ষিণ সুরমা থানার হুমায়ুন রশিদ চত্বর এলাকায় অবস্থানকালে বিস্ফোরক থাকার তথ্য পায়। পরে দ্রুত অভিযান চালিয়ে দক্ষিণ সুরমা থানার ৩০ নম্বর ওয়ার্ডের লাক্সজনপুর শিববাড়ী রেললাইন সংলগ্ন এলাকায় তল্লাশি চালানো হয়।
অভিযানকালে রেলওয়ের একটি পুরাতন ও পরিত্যক্ত টয়লেটের ভেতর থেকে ৬টি ইন্ডিয়ান পাওয়ার জেল ও ৫টি নন-ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থল থেকে কোনো সন্দেহভাজনকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত ইন্ডিয়ান পাওয়ার জেল ও ডেটোনেটর উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যেই এসব বিস্ফোরক সেখানে মজুত করা হয়েছিল।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে র্যাবের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত বিস্ফোরকগুলো সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

দক্ষিণ সুরমা প্রতিনিধি 









