সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় স্বামী প্রবাস থেকে দেশে ফেরার পরদিনই হোছনা বেগম (৪০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে গোলাপগঞ্জ উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভাগ বাউসি গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হোছনা বেগম ওই গ্রামের শামীম আহমদের স্ত্রী। তিনি তিন মেয়ে ও এক ছেলের জননী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শামীম আহমদ দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসে ছিলেন। প্রায় ছয় মাস পর বৃহস্পতিবার তিনি সৌদি আরব থেকে দেশে ফেরেন। তবে দেশে ফেরার পরদিনই তার স্ত্রী হোছনা বেগমের মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
হোছনা বেগমের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়। পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

গোলাপগঞ্জ প্রতিনিধি 









