মৌলভীবাজারের রাজনগর উপজেলায় গরু চুরির চেষ্টাকালে তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় চোরদের ব্যবহৃত একটি সিএনজি গাড়ি জব্দ করা হয় এবং চুরি যাওয়া সাতটি গরুর মধ্যে পাঁচটি উদ্ধার করা সম্ভব হয়। পরে আটককৃতদের রাজনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোররাতে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও গ্রামে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ওই গ্রামের মানিক মিয়ার বাড়ির গোয়ালঘরে একদল চোর গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। চোরচক্রটি একাধিক দলে বিভক্ত ছিল বলে ধারণা করা হচ্ছে। তারা গোয়ালঘর থেকে সাতটি গরু বের করে নিয়ে যাওয়ার সময় বিষয়টি নজরে আসে।
ইউপি সদস্য মাসুম রহমান জানান, পরিবারের এক সদস্যের চিৎকারে আশপাশের লোকজন সতর্ক হয়ে ওঠে। পরিস্থিতি বেগতিক দেখে চোরেরা পালানোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাদের চারদিক থেকে ঘিরে ফেলেন। পরে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে আশপাশের গ্রাম থেকেও লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। একপর্যায়ে তিনজনকে আটক করা সম্ভব হয়।
সকালবেলা আটককৃত তিনজনকে একটি সিএনজি গাড়িসহ রাজনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিরা হলেন—টেংরা ইউনিয়নের ডেফল উড়া গ্রামের সুমন মিয়া, সদর ইউনিয়নের ঘরগাঁও বাগেরবাজার এলাকার সাবুল মিয়া এবং পাঁচগাঁও ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের তোফায়েল আহমদ।
পুলিশ জানায়, উদ্ধার করা পাঁচটি গরু মালিকের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। বাকি দুটি গরু উদ্ধারে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বেও একাধিক গরু চুরির মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, এর আগে গত ২০ জানুয়ারি কর্ণিগ্রামের সেলিম খানের চার লক্ষ টাকা মূল্যের তিনটি গরু চুরির ঘটনায় রাজনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

মৌলভীবাজার প্রতিনিধি 









