সিলেট নগরীতে নতুন নামে একটি কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধির তথ্য পেয়েছে পুলিশ। ‘অবসর প্রাপ্ত মাফিয়া’ নামে পরিচিত এই গ্যাং সংঘবদ্ধ মারামারি, ভয়ভীতি প্রদর্শন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে।
কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ইতিমধ্যে গ্যাংটির ৯ সদস্যকে আটক করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) মধ্যরাতে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা চারাদিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে গ্যাংটির এক সদস্যকে দুটি চাকুসহ আটক করেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর বিভিন্ন আবাসিক এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে একই গ্যাংয়ের আরও আট সদস্যকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা সংঘবদ্ধভাবে মারামারি, ভয়ভীতি প্রদর্শন এবং নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার দেখিয়ে সোমবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বাড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে রাতের বেলায় চলাচলের সময় নিরাপত্তাহীনতা অনুভব করছেন বলে জানান অনেকে।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিসি) সাইফুল ইসলাম বলেন, কিশোর গ্যাংয়ের নামে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। নতুন এই গ্যাংয়ের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নগরীর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, কিশোর গ্যাং প্রতিরোধে অভিভাবকদের সচেতন ভূমিকা ও সামাজিক নজরদারি গুরুত্বপূর্ণ। এ বিষয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক 









